
প্রতিনিধি 6 March 2026 , 5:38:54 প্রিন্ট সংস্করণ

সারাদেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পৃথক ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন এবং ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশের গণমাধ্যমে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত, ১ হাজার ১৮১ জন আহতের তথ্য প্রকাশ হয়েছে।

এ সময় রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১১ জন আহত, নৌ পথে ৬টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং এক হাজার ১৯৭ জন আহত হয়েছেন।
অপরদিকে, একই সময় ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত এবং আহত হয়েছেন ১৩৭ জন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ ও আহতের ১১ শতাংশ ৬০ শতাংশ।
এ ছাড়াও বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত হয়েছেন ও ৩৮৭ জন আহত হয়েছেন। আর বরিশাল বিভাগে সবচেয়ে কম ২২টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের এবং আহত হয়েছেন ৮৫ জন।