
প্রতিনিধি 9 February 2026 , 6:13:12 প্রিন্ট সংস্করণ

রাজধানীর মুগদা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি), মতিঝিল বিভাগ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মুগদা থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কুমিল্লা জেলা থেকে একটি মাদকচালান ঢাকায় আনা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল মুগদা থানাধীন সায়েদাবাদ–খিলগাঁও সড়কের পশ্চিম পাশে, কমলাপুর ফুটওভার ব্রিজ সংলগ্ন একটি এসি বাস কাউন্টারের সামনে অবস্থান নেয়।
অভিযান চলাকালে সোহেল রানা ও বাপ্পারাজকে একটি কাভার্ড ভ্যানসহ আটক করা হয়। তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।