
প্রতিনিধি 14 April 2026 , 12:33:38 প্রিন্ট সংস্করণ

কৃষক কার্ডের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ ও গাছের চারা তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় এক হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।


এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষক। এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে।
জানা গেছে, সারাদেশের প্রি-পাইলটিং হিসেবে ১০টি উপজেলার ১১টি ব্লকে কৃষকদের মধ্যে ৩৫ হাজার কৃষক কার্ড প্রাথমিকভাবে বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে এই কৃষক কার্ড বিতরণ করা হয়। সরকারি প্রণোদনার অর্থ কৃষক তাদের কার্ডে পেয়ে যাবেন এবং সারাদেশেও এ কার্ড বিতরণ করা হবে।