
প্রতিনিধি 1 April 2026 , 2:06:18 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। হিটলারের প্রশংসা করে ইহুদিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে দেশটি। আজহারি অস্ট্রেলিয়ায় অবস্থানের মধ্যেই মঙ্গলবার (৩১ মার্চ) এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিসা বাতিলের পর এখন তাকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে।
অস্ট্রেলিয়াmভিত্তিক সংবাদমাধ্যম দ্য মার্কারি বুধবার (১ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, মিজানুর রহমান আজহারী ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল’র আমন্ত্রণে অস্ট্রেলিয়া সফর করছিলেন।
গত রোববার তাকে ব্রিসবেনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখা যায়। এছাড়াও সফরকালে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল তার। কিন্তু মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিশেষ ক্ষমতাবলে আজহারির ভিসা বাতিলের ব্যবস্থা করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার বক্তব্যে বিভিন্ন সময় হিটলারের কর্মকাণ্ডকে ইহুদিদের বিরুদ্ধে ‘আল্লাহর শাস্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন। এছাড়া তিনি ইহুদিদের ‘অভিশপ্ত’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেছেন।
সংবাদমাধ্যমটি জানায়, আজহারির অস্ট্রেলিয়া সফরের বিষয়টি সেখানকার সংসদেও তোলা হয়। লিবারেল পার্টির সিনেটর জোনো ডানিয়াম পার্লামেন্টে বলেন, ‘যে ব্যক্তিকে যুক্তরাজ্য নিষিদ্ধ করেছে এবং যার নিজের দেশ বাংলাদেশেও চরমপন্থি আদর্শ প্রচারের অভিযোগে পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল, তাকে কীভাবে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া হলো?’
সিনেটর আরও বলেন, ‘তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ছড়ানো ছাড়াও হিন্দু ধর্ম অবমাননা এবং বাঙালি সংস্কৃতিকে নেতিবাচক হিসেবে উপস্থাপনের অসংখ্য নজির রয়েছে। এসব তথ্য পাবলিক রেকর্ডে থাকা সত্ত্বেও তাকে ভিসা দেওয়া হয়েছে।’
অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ নামক একটি সংগঠনও আজহারিকে দ্রুত বহিষ্কারের দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়। এরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ভিসা বাতিল করে।