
প্রতিনিধি 8 March 2026 , 1:23:39 প্রিন্ট সংস্করণ

রাজশাহীর মোহনপুর উপজেলায় মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মডেল মসজিদের মুয়াজ্জিন ও জামায়াতে ইসলামীর কর্মী মো. আলাউদ্দিনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলেদের থামাতে গেলে বিএনপির নেতাকর্মীরা আলাউদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি নিহত হন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে সংঘটিত এ সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করার ঘটনা গোটা সমাজের জন্যই বেদনাদায়ক। মসজিদ মুসলমানদের ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের স্থান—সেখানে কোনও ধরনের সংঘর্ষ বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নিহত মো. আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় তিনি একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।