• রাজনীতি

    ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম

      প্রতিনিধি 28 January 2026 , 6:45:23 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করবেন এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম । ঢাকা-১১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৪নং আসন। ঢাকা-১১ আসনটি ঢাকা মেট্রোপলিটন এর বাড্ড থানা, ভাটারা থানা, রামপুরা থানা, হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২১, ২২ , ২৩ ,৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১,ও ৪২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।

    ১৯৯৮ সালের ২৮ এপ্রিল জন্ম নেওয়া মো. নাহিদ ইসলাম পেশায় একজন পরামর্শক এবং রাজনীতিবিদ। তিনি রাজধানীতে জন্মগ্রহণ করেন। মো. নাহিদ ইসলামের পিতা মো. বদরুল ইসলাম জমির একজন স্কুল শিক্ষক ও মাতা মমতাজ বেগম একজন গৃহির্নী। পিতা ও মাতার দুই সন্তানের মধ্যে প্রথম মো. নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের এক ছোট ভাই আছে। তার স্ত্রী ফাতিমাতুজ জোহরা একজন গৃহিনী।

    ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০২২ সালে অনার্স পাস করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। বিশ্বাবিদ্যালয়ে পড়াকালীন তিনি চিন্তা, তত্ত্ব, সমাজ, রাষ্ট্র বিষয়ক বিভিন্ন পাঠচক্র ও আলোচনায় অংশ নিতেন। নিজের ব্যাখ্যা বাকি সকলের সামনে উপস্থাপন করতেন। ২০২৩ সালে তার রাজনৈতিক সঙ্গী সারোয়ার তুষারের ‘চিন্তার অর্কেস্ট্রা‘ বইয়ের পাঠ-আলোচনা করেন; যার ভিডিও সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। এই ভিডিওতে তার রাজনীতি বিষয়ক দর্শন ও চিন্তার প্রতিফলন দেখা গেছে।

    বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সামাজিক ও রাজনৈতিক সচেতনতায় সক্রিয় ছিলেন নাহিদ। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র থাকাকালীন তিনি সুন্দরবনের নিকটবর্তী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের প্রশ্নে এই আন্দোলন তখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর পরের বছর নাহিদ যুক্ত হন দেশের অন্যতম বৃহৎ ছাত্র আন্দোলনগুলোতে। কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা গণআন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছাত্র রাজনীতিতে তার অবস্থানকে আরও দৃঢ় করে তোলে। এসব আন্দোলনের মধ্য দিয়ে তিনি ছাত্রদের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক দাবির প্রশ্নে সরব হয়ে ওঠেন।

    নাহিদ ইসলাম ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনেও অংশগ্রহণ করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রাতিষ্ঠানিক ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হন এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া তুলে ধরার একটি গণতান্ত্রিক মঞ্চে নিজেকে সম্পৃক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই সাধারণ ছাত্রদের নানা সমস্যা, দাবি ও অধিকার নিয়ে নাহিদ সোচ্চার ছিলেন বলে সহপাঠী ও সংশ্লিষ্টরা জানান। শিক্ষার পরিবেশ, ছাত্রস্বার্থ এবং প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নে তাকে নিয়মিত কথা বলতে দেখা গেছে।দীর্ঘদিনের আন্দোলন-অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০২৩ সালে নাহিদ ইসলাম তার সহপাঠী আখতার হোসেনসহ আরও কয়েকজনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “গণতান্ত্রিক ছাত্র শক্তি” নামে একটি নতুন ছাত্র সংগঠন গঠন করেন। সংগঠনটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সংগঠনটি শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চা ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার কথা ঘোষণা দেয়।

    উল্লেখ্য, গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠনের পূর্বে নাহিদ নুরুল হক নুর প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেও তিনি ছাত্র অধিকার ও সংস্কারমূলক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

    বিজ্ঞাপন

    এদিকে নাহিদ ইসলাম ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নাহিদ ইসলাম ২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। আন্দোলন তীব্র আকার ধারণ করায় গোয়েন্দা শাখা (ডিবি) তাকে ও আরও পাঁচ সমন্বয়ককে আটক করে। ২০২৪ সালের ১৯ জুলাই মধ্যরাতের দিকে, প্রায় ২৫ জন সাদা পোশাকধারী ব্যক্তি তাকে সবুজবাগ এলাকার একটি বাসা থেকে নিয়ে যায় বলে জানা যায়। তার চোখে পট্টি বাঁধা এবং হাতকড়া পরানো অবস্থায় তাকে একটি স্থানে নিয়ে যাওয়া হয় এবং ছাত্র আন্দোলনে তার সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুর্ব্যবহার করা হয়। ২১ জুলাই পূর্বাচলে একটি সেতুর নিচে জ্ঞানহীন ও আহত অবস্থায় তাকে পাওয়া যায়। ২৬ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য বলে দাবিকারী ব্যক্তিরা ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে আটক করে। ডিবি পরে নিশ্চিত করে যে তারা নাহিদ ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও পাঁচ সমন্বয়ককে “নিরাপত্তাজনিত কারণে” হেফাজতে নিয়েছে। পরবর্তীতে, নাহিদ ও অন্যান্য সমন্বয়করা ডিবি সদর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে বিক্ষোভকারীদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান, এই যুক্তি দিয়ে যে কোটা সংস্কারের আন্দোলনের মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে। তবে মো.নাহিদ ইসলাম পরে স্পষ্ট করেন যে, তাকে জোর করে ঐ বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল।

    এরপর, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে নাহিদ ইসলাম এক দফা দাবি পেশ করেন। হাসিনার পদত্যাগ ও ভারত পালিয়ে যাওয়ার পর নাহিদ ইসলাম বলেন, তাদের লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। এরপর তারা “চিরতরে ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ” করার লক্ষ্য নির্ধারণ করে এবং শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড.মুহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানায়, যা ড.মুহাম্মদ ইউনূস গ্রহণ করেন।

    নাহিদ ইসলাম ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। তিনি ২০২৪ সালের ১৬ আগস্টে  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান। জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের লক্ষ্যে তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সম্পৃক্ত ছিল এবং ২৮ ফেব্রুয়ারি তাকে নতুন দলের আহ্বায়ক হিসাবে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়।

    নাহিদ ইসলাম তার সূচনা বক্তব্যে বলেন, বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোন স্থান থাকবে না এবং তিনি স্বীকার করেন যে তার দল একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনীতিসহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থে মনোনিবেশ করবে। তিনি “দ্বিতীয় প্রজাতন্ত্র”-এর জন্য একটি “নতুন গণতান্ত্রিক সংবিধান” প্রতিষ্ঠা করা তার দলের লক্ষ্য বলে ঘোষণা করেন।

    মো. নাহিদ ইসলামের ইশতেহারের অন্যতম এজেন্ডা ওসমান হাদি হত্যার বিচার। তাছাড়া তিনি বলেন তরুণদের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে নিয়ে আসতে চাই। কর্মসংস্থান বৃদ্ধির জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে। সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিত করব। এলাকার যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য অবকাঠামোগত পরিকল্পনার কাজ হাতে নেব। এলাকার জনগণের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করব। সব সমস্যা পাঁচ বছরে সমাধান করে ফেলব তা বলছি না। কিন্তু এই এলাকা পুনর্গঠনের কাজ শুরু করব।

    হলফনামার সম্পদের বিবরণ

    এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তার অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে তার কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার নামে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এর বাইরে তার কাছে ৭ লাখ ৭৫ হাজার টাকার গয়না, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।

    নাহিদ ইসলামের স্ত্রীর নামে হলফনামায় ১২ লাখ টাকার (বর্তমান আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা) অস্থাবর সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নগদ ২ লাখ টাকা ও ১০ লাখ টাকার গয়না। হলফনামায় পেশা সম্পর্কে তিনি পরামর্শক হিসেবে কাজ করার কথা উল্লেখ করেছেন।

    তার নিজের নামে কোনো ঋণ নেই। তবে তার স্ত্রী একটি বেসরকারি ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। নিজের সর্বশেষ আয়কর রিটার্নে ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা আয় দেখানোর কথা হলফনামায় উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। এই আয়ের বিপরীতে তিনি ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা আয়কর দিয়েছেন। আয়কর রিটার্নে ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

    এদিকে ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী  প্রার্থী ড. এম এ কাইয়ুম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:45 PM ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম 6:28 PM উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস 6:05 PM জাতীয় সংসদ নির্বাচন: ঢাকাসহ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি 5:50 PM নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থার ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে অনুমতি 5:18 PM নির্বাচনের দিন এবং আগে-পরে নির্দিষ্ট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা 5:11 PM বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫১০ টন চাল আমদানি 4:54 PM নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত 2:50 PM থাইল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ 2:08 PM জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা 1:42 PM সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার