
প্রতিনিধি 20 January 2026 , 7:11:28 প্রিন্ট সংস্করণ

আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মাঠপর্যায়ের প্রস্তুতি দেখতে, চাঁদপুর সফর করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পর্যবেক্ষক দলের সদস্যরা।
এ সময় নির্বাচনের পরিবেশ, মাঠপর্যায়ের প্রস্তুতি ও সাংবাদিকদের ভূমিকা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। ইইউ’র পর্যবেক্ষক দলে ছিলেন, মায়া হুরলিমান ও লার্স প্লাগম্যান।

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ সদস্যের একটি পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এর মধ্যে ৩ সদস্যের একটি টিম চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করছে।
এর অংশ হিসেবে তারা চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা নির্বাচন অফিস এবং চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি নির্বাচন পরবর্তী ৭ দিনও বাংলাদেশে অবস্থান করে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়।
অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে স্বাগত জানান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।