
প্রতিনিধি 9 April 2026 , 2:38:47 প্রিন্ট সংস্করণ

দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রের সামনে বসে পারস্য সংগীতে শান্তির আহ্বান, ভাইরাল ভিডিওতে বিশ্বজুড়ে সাড়া
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, যুদ্ধের আশঙ্কা ও পাল্টাপাল্টি হামলার ভীতিকর প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী আলি ঘামসারি। রাজনৈতিক বক্তব্য বা স্লোগানের পরিবর্তে তিনি বেছে নিয়েছেন সুর- আর সেই সুরেই জানালেন শান্তির বার্তা।
সম্প্রতি ইরান-এর গুরুত্বপূর্ণ অবকাঠামো দামাভান্দ বিদ্যুৎকেন্দ্র -এর সামনে একটি সাধারণ চাটাই বিছিয়ে বসে পড়েন ঘামসারি। চারপাশে শিল্প স্থাপনার কঠোর পরিবেশ, আর তার মাঝেই তিনি বাজাতে থাকেন পারস্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘তার’। তার সুরে ফুটে ওঠে শান্তি, মানবতা ও যুদ্ধবিরোধী এক গভীর আবেদন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি শুধু একটি সংগীত পরিবেশনা ছিল না- বরং যুদ্ধবিরোধী এক নিঃশব্দ প্রতিবাদ। মুহূর্তেই সেই দৃশ্য ধারণ করা ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।
নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছেন। অনেকেই আন্তর্জাতিক নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন, এমনকি মার্কিন প্রেসিডেন্ট কেও ট্যাগ করছেন বিভিন্ন পোস্টে।
উল্লেখ্য, দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রটি ইরানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান উৎস। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এটি কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই প্রসঙ্গে আলি ঘামসারি বলেন, “আমি চাই আমার সুর মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিক। যুদ্ধ যেন কোনো সাধারণ মানুষের ঘরের আলো নিভিয়ে না দেয়।”
সমসাময়িক পারস্য সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ঘামসারি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী সংগীতকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলছেন। তার এই উদ্যোগ আবারও প্রমাণ করল- সুরের শক্তি অনেক সময় অস্ত্রের চেয়েও গভীরভাবে মানুষের হৃদয়ে পৌঁছাতে পারে।