
প্রতিনিধি 2 April 2026 , 12:54:32 প্রিন্ট সংস্করণ

বড়পর্দায় তার অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে। তারপরেই ক্যারিয়ারে আসে নতুন মোড়। শুরুতে ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন জ্যোতির্ময়ী কুণ্ডু। দেবের পর শাকিবের সঙ্গে ‘প্রিন্স’ ছবিতে নায়িকা হিসেবে কাজের সুযোগ। সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেম, যদিও তা দেখেনি সফলতার মুখ। অসংখ্য অভিযোগ ছবিকে ঘিরে। ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন শাকিব। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখেমুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিনের।


দেশে বিদেশে ঘুরে ঘুরে শুটিং হয়েছে শাকিবের ‘প্রিন্স’ ছবির। ভারতেও হয়েছে শুটিং। তবে আশানুরূপ সাফল্য পায়নি। মুক্তির দিন থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে সমালোচিত হয় সিনেমা। সম্প্রতি ঢাকার উত্তরায় একটি প্রেক্ষাগৃহে সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই শাকিব বলেন, “আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনেছি তখন মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এজন্য নির্মাতা সহ সবার পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি। আমি আমার পরবর্তী ছবিতে ত্রুটিগুলো খেয়াল করব।”

তবে সবচেয়ে বেশি নজরে এসেছে শাকিবের দুই দিকে দাঁড়ানো দুই নায়িকার চোখেমুখে লেপ্টে থাকা অস্বস্তি। অভিনেতাকে বার বার দেখা গিয়েছে জ্যোতর্ময়ীর কোমরে হাত দিতে। বার কয়েক নায়িকা চেষ্টা করেন হাত সরিয়ে নেওয়ার। কিন্তু শাকিব হাত সরাননি। এই প্রসঙ্গে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’’
একই সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের দাবি, নায়িকার অস্বস্তি যে হচ্ছিল সেটা স্বীকার করেছেন তিনি। এমনকি, প্রেক্ষাগৃহের ভেতরে আর এক অভিনেত্রী তাসনিয়ার কাঁধে হাত দিতে চান শাকিব। যদিও তাসনিয়া সঙ্গে সঙ্গে শাকিবের হাত নামিয়ে দেন। হঠাৎ নায়িকাদের সঙ্গে শাকিবের প্রকাশ্যে এমন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন।নেটিজেনরা সমালোচনা করতেও ছাড়েননি। সামাজিক মাধ্যমে ইফতেখার উদ্দিন লিখেছেন, স্পর্শ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত। রায়হান রাজ্জাক লিখেছেন, এটা কোন ধরনের আচরণ, সংযত হোন। আবার অনেকেই লিখেছেন, শাকিবের উচিত সবদিকে খেয়াল রেখে কাজ করা। তার থেকে নইলে জুনিয়ররা কি শিখবে।