
প্রতিনিধি 23 February 2026 , 12:40:49 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে তৎপরতা প্রতিদিন বাড়ছে। এ নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে তিনি একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’ এদিকে পোস্টটি মুহূর্তে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পোস্টটিতে লাইক পড়েছে ১ লাখ ১০ হাজার। পাশাপাশি কমেন্ট সাড়ে ৬ হাজার ও শেয়ার হয়েছে ৮ শতাধিক।

এ ছাড়া ওই পোস্টের কমেন্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘২৪ এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’
এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘রাতে আজ ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে ৫ম তারাবির নামাজ আদায় শেষে উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। আলোচনায় যে বিষয়গুলো গুরুত্বসহ উঠে এসেছে, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি।’
অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। ওই নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ থেকে জয়ী হলেও ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের বিপরীতে লড়াই করে হেরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।