
প্রতিনিধি 19 February 2026 , 9:21:45 প্রিন্ট সংস্করণ

চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর এই চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ ক্রিকেটার। এবারের চুক্তিতে ‘এ প্লাস’ শ্রেণি রাখা হয়নি। ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করে নির্ধারণ করা হয়েছে মাসিক পারিশ্রমিক।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। অন্যদিকে আগের চুক্তির বাইরে থাকা সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন আবারও ফিরেছেন তালিকায়। উল্লেখযোগ্যভাবে আগের চুক্তি থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।

এ গ্রেড (মাসিক ৮ লাখ টাকা): নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।
বি গ্রেড (মাসিক ৬ লাখ টাকা): মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।
সি গ্রেড (মাসিক ৪ লাখ টাকা): সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
ডি গ্রেড (মাসিক ২ লাখ টাকা): পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন।
বিসিবির এই নতুন কেন্দ্রীয় চুক্তি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আর্থিক নিরাপত্তা ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।