
প্রতিনিধি 31 January 2026 , 8:12:30 প্রিন্ট সংস্করণ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। নেপালের পোখরায় শনিবার (৩১ জানুয়ারি) ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে পিটার বাটলার শিষ্যরা। শিরোপা ধরে রাখার মিশনে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হয়ে প্রতিপক্ষকে রীতিমতো গোলে ভাসিয়েছেন, লাল-সবুজ মেয়েরা।
এদিন হ্যাটট্রিক পেয়েছেন ৩ জন-মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তার। এর মধ্যে মুনকি সর্বাধিক ৪ গোল করেছেন। তৃষ্ণা ও আলপি করেছেন ৩টি করে গোল। এ ছাড়াও একটি করে গোল করেছেন মানমি চাকমা ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ৪ দলের এই প্রতিযোগিতা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে।

তবে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হওয়ার পর সর্বোচ্চ পয়েন্টধারী ২ দল ফাইনালে খেলবে। ২ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ৪ ফেব্রুয়ারি মুখোমুখি হবে স্বাগতিক নেপালের।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি মূলত ৩টি ক্যাটাগরিতে আয়োজন করে সাফ। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ মিলিয়ে আগের ৬ আসরের ৫ বারই চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা। অপরদিকে, ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে আয়োজিত আসরে বাংলাদেশের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সবশেষ গত বছর অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা।