
প্রতিনিধি 24 January 2026 , 5:01:23 প্রিন্ট সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক বেশি দক্ষ করতে কাজ করবে’ বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এতে করে শিশুদের সঠিক শিক্ষা প্রদান করা আরও সহজ হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেন।

এ সময় তারেক রহমান বলেন, ‘আমাদের শিক্ষা নিয়ে যে রিলস বানিয়েছেন। ওইখানে আপনারা বলেছেন প্রাইমারি শিক্ষা নিয়ে আমরা কী কাজ করেছি। সামাজিক মূল্যবোধ নিয়ে কিন্তু স্কুলে শেখাতে হবে। এ জন্য আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি’।
বিএনপি’র চেয়ারম্যান বলেন, ‘আমরা প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি, তাদের ট্রেনিং দিতে চাচ্ছি। যে ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধ আছে এই বিষয়গুলোও বাচ্চাদের শেখাতে হবে’।
সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা যদি ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাই, এইটা সঠিক, এইটা ভুল; এইটা সাদা, এইটা কালো; আমার ধারণা একটা পর্যায়ে গিয়ে তাদের মাথায় ঢুকে যাবে, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়।’