
প্রতিনিধি 5 May 2026 , 11:23:25 প্রিন্ট সংস্করণ

ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা খুব দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেছেন। সেখানে ভারতের পক্ষ থেকে ভিসার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা আশা করছি, ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা দ্রুতই স্বাভাবিক হবে এবং দুই দেশের মধ্যে জনগণের যাতায়াত আবার আগের মতো সহজ হবে।’
এর আগে শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত।

সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে।
উল্লেখ্য, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশ তাদের ভিসা কেন্দ্র থেকে ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে।
২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ঢাকা ও দিল্লি সম্পর্কোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়।