
প্রতিনিধি 15 April 2026 , 4:22:54 প্রিন্ট সংস্করণ

বিকশিত হওয়ার জন্য শিশুদের প্রয়োজন তাদের নানামুখী প্রতিভা প্রকাশের সুযোগ। রঙ-তুলি হাতে সাদাকাগজের ক্যানভাসে তাদের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে পিএসডিআই ফাউন্ডেশন বিশ্ব চিত্রকলা দিবস পালন করেছে। ছায়াতল বাংলাদেশ-এর সঙ্গে যৌথভাবে আয়োজিত এই প্রতিযোগিতায় ছায়াতল বাংলাদেশ পরিচালিত স্কুলের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে তাদের স্কুল প্রাঙ্গনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়।
আজ ১৫ এপ্রিল অভিব্যক্তির প্রকাশ: শিল্পের মাধ্যমে মানবতার বিকাশ” (“A Garden of Expression: Cultivating Community Through Art”) প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। শিশুদের সৃজনশীলতার বিকাশ, আত্মপ্রকাশের সুযোগ তৈরি এবং শিল্পের মাধ্যমে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।


প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কালারস ফর পিস- এর বাংলাদেশ অ্যাম্বাসেডর, বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও চিত্রশিল্পী তানজিমা তাবাচ্ছুম এশা।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিএসডিআই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় মজুমদার, কালারস ফর পিস বাংলাদেশ অ্যাম্বাসেডর চিত্রশিল্পী তানজিনা তাবাচ্ছুম এশা এবং ছায়াতল বাংলাদেশের প্রজেক্ট অফিসার মৈত্রী বিশ্বাস।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সামিয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করে চৈতি আক্তার এবং তৃতীয় স্থান অধিকার করে মারজান আক্তার। এছাড়াও সকল অংশগ্রহণকারীর জন্য শুভেচ্ছা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।
পিএসডিআই ফাউন্ডেশন এবং ছায়াতল বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতেও শিশুদের মাঝে শিল্পচর্চার আগ্রহ বৃদ্ধি এবং সহমর্মী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিএসডিআই ফাউন্ডেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন মো. ইসহাক ফারুকী এবং মানস মিস্ত্রী।