
প্রতিনিধি 15 April 2026 , 3:24:15 প্রিন্ট সংস্করণ

ব্রাজিল জাতীয় দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক এখন আর শুধু ক্রীড়া অঙ্গনে সীমাবদ্ধ নেই এটি পৌঁছে গেছে দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ পর্যায় পর্যন্ত। দীর্ঘদিন ধরে চোট ও ফিটনেস সমস্যায় ভুগতে থাকা এই তারকা ফরোয়ার্ডকে ২০২৬ বিশ্বকাপ দলে রাখা হবে কি না, তা নিয়ে এবার সরাসরি আলোচনায় জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি।
২০২৩ সালের অক্টোবর থেকে নেইমার জাতীয় দলের বাইরে রয়েছেন। হাঁটুর চোট ও ধারাবাহিক ফিটনেস সমস্যার কারণে তিনি একের পর এক আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন। ফলে ব্রাজিল দলে তার দীর্ঘ অনুপস্থিতি এখন বিশ্বকাপ পরিকল্পনার বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্ত মত দেখা যাচ্ছে একদিকে অভিজ্ঞতার কারণে নেইমারের প্রত্যাবর্তনের দাবি, অন্যদিকে তার শারীরিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা।
সম্প্রতি মার্চের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে তাকে স্কোয়াডে না রাখায় এই বিতর্ক আরও তীব্র হয়। অনেকেই আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে হয়তো আনচেলত্তি তাকে পুরোপুরি বিবেচনায়ই রাখবেন না। তবে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফিট থাকলে নেইমার কি এখনও ব্রাজিলের জন্য অপরিহার্য?

এই পরিস্থিতির মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দাবি করেছেন, কোচ কার্লো আনচেলত্তি তার সঙ্গে নেইমার প্রসঙ্গে আলোচনা করেছেন। ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে লুলা বলেন, আনচেলত্তি তাকে জিজ্ঞেস করেছিলেন, নেইমারকে বিশ্বকাপ দলে নেয়া উচিত কি না। উত্তরে তিনি জানান, শুধুমাত্র নামের কারণে নয়, বরং শারীরিক ফিটনেস ও মানসিক প্রস্তুতিই হবে মূল বিবেচনা।
লুলা আরও বলেন, যদি নেইমার পুরোপুরি ফিট থাকেন এবং রোনালদো বা মেসির মতো পেশাদার মানসিকতা ধরে রাখতে পারেন, তবে তার দলে জায়গা পাওয়ার সুযোগ আছে। তবে তার ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নেইমার আসলেই মন থেকে ফিরে আসতে চান কি না এবং তিনি কতটা প্রস্তুত।
প্রেসিডেন্টের মতে, আধুনিক ফুটবলে শুধুমাত্র প্রতিভা যথেষ্ট নয়; ধারাবাহিক শৃঙ্খলা ও পেশাদারিত্বও সমান গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির কথা উল্লেখ করেন, যারা দীর্ঘ সময় ধরে নিজেদের ফিটনেস ও পারফরম্যান্স ধরে রেখেছেন।
এদিকে মাঠের ভেতরে নেইমার নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় রেকোলেতার বিপক্ষে ম্যাচে তিনি মাত্র চার মিনিটেই গোল করে আবারও নিজের সামর্থ্যের ঝলক দেখান। তবে ম্যাচের ফল ছিল ১-১ ড্র।
আগামী ১৮ মে ব্রাজিলের সম্ভাব্য ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে, আর সেই তালিকায় নেইমারের নাম থাকবে কি না, তা নিয়েই এখন সবচেয়ে বড় আগ্রহ ফুটবল বিশ্বে।
সূত্র: ডেইলি মেইল