
প্রতিনিধি 9 April 2026 , 1:12:37 প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান সরকারের প্রায় ৪২ দিনের মেয়াদে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। তিনি বলেন, সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের পর বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আপত্তির জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স প্রায় ৪২ দিন। এই সময়ে সরকার প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু তা না করে মানবাধিকার সুরক্ষার দিকেই গুরুত্ব দিয়েছে। তিনি দাবি করেন, এই সময়ের মধ্যে দেশে একটি গুম বা ক্রসফায়ারের ঘটনাও ঘটেনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার ও বিএনপি পরিবার। অতীতে অনেকেই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো মা-বোনকে সন্তানের জন্য অপেক্ষা করতে গিয়ে অশ্রু ঝরাতে না হয়—সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলের বিষয়ে আইনমন্ত্রী জানান, ২০২৫ সালের অধ্যাদেশটি তড়িঘড়ি করে প্রণয়ন করা হয়েছিল, যেখানে বেশ কিছু আইনি অসংগতি রয়েছে। বিশেষ করে ক্ষতিপূরণ ও জরিমানার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় তা পুনর্বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি আরও স্বচ্ছ ও কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই অন্তর্বর্তী সময়ে দেশে মানবাধিকার কমিশনের কার্যক্রমে কোনো আইনি শূন্যতা তৈরি না করতে সাময়িকভাবে ২০০৯ সালের আইন পুনর্বহাল করা হয়েছে।