
প্রতিনিধি 12 February 2026 , 1:26:38 প্রিন্ট সংস্করণ

একটি দলের কর্মীরা, নির্বাচনে ভরাডুবি হবে এমন হতাশায় ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে, দেউলিয়াত্ব প্রকাশ করছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
এ সময় উপস্থিত ছিলেন-জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার সাইফ উদ্দীন খালেদ, ব্যারিস্টার ফখরুল ইসলাম ও মিয়া মো. তরুণ।

জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন ও প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতি তার সমস্ত সন্তানকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনগণ বাড়িতে গিয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবারের ভোটে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য এবং কল্যাণকর রাষ্ট্রের জন্য গণভোটে-হ্যাঁ বিজয়ী হওয়া অপরিহার্য বিষয়। আমাদের দৃঢ় বিশ্বাস, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জনগণ-হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন।
তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, সবাই দ্রুততম সময়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আগামীর বাংলাদেশের জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করে তারা তাদের দায়িত্ব পালন করবেন।
মাহবুব জুবায়ের বলেন, গত দেড় যুগের ইতিহাসে বিপুল উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক মানুষের উপস্থিতিতে ভোটের এই আয়োজন আমরা দেখছি। এটি নতুন প্রজন্মের জন্য একটি নতুন ইতিহাস। তারা ভোট না দেয়া দেখেছে, জালিয়াতি দেখেছে, বিনা ভোটে সরকার দেখেছে, আমি ও ডামি নির্বাচন এবং রাতের ভোট দেখেছে।
আর এবারই প্রথম উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, জনগণ ভোট দিচ্ছে- এটি আমাদের জেন-জি ও মা-বোনেরা দেখছে।
তিনি আরও বলেন, জামায়াত আমীর ঢাকা-১৫ নিজ আসনে ভোট দিয়েছেন। এছাড়া জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীতে, নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম রংপুরে, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লায়, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে, ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারে নিজ নিজ আসনে ভোট দিয়েছেন।