
প্রতিনিধি 10 February 2026 , 4:14:22 প্রিন্ট সংস্করণ

শুধু রমজান মাস জুড়েই খেজুর প্রয়োজন হয় এমনটা নয়। উপাদেয় খাদ্য হিসেবে সারা বছরই কম-বেশি খেজুরের চাহিদা থাকে আমাদের। শারীরিক দুর্বলতাসহ যে কোনো ধরনের রোগ-বালাইয়ের মধ্যে অন্যতম অনুসঙ্গ এই খেজুর। তবে সব খেজুরই যে শরীরের জন্য ভালো হবে এমন কিন্তু নয়।
রাস্তায় বের হলেই ফুটপাত কিংবা দোকানে দেখা মেলে হরেক রকমের খেজুরের। কোনটা কিনলে ভালো হবে তা নিয়ে দ্বিধায় পড়তে হয়। ফুটপাতগুলোতে অনেক সময় দেখতে ভালো হলেও মানে মোটেও সেরকম খেজুর হয় না। ওপরের চাকচিক্য দেখে খেজুরের মান বিবেচনা করে পকেট খোয়ান অনেকেই। তাই জানতে হবে ভালো খেজুরের বৈশিষ্ট্য, যাতে করে ঠকতে না হয়।

এ ছাড়াও আসছে রমজানে অনেক ব্যবসায়ীই ভালোর সঙ্গে খারাপের মিশেলে খেজুর দিতে চেষ্টা করবে। তাই সতর্ক থেকে কিনতে হবে খেজুর। ভালো খেজুর চেনার দিকগুলোই আমাদের আজকের আলোচনার বিষয়।
১) বাজারে গিয়ে যদি দেখেন খেজুর অনেক বেশি চকচকে কিংবা এতে হালকা রঙের কোনো পাউডারের আবরণ আছে তাহলে বুঝতে হবে এতে ভেজাল মেশানো রয়েছে। তাই দেখে নিতে হবে ভালো করে কোনো আবরণ আছে কি না খেজুরের ওপর। এরকমটা চোখে পড়লেই এড়িয়ে যেতে হবে।
২) খেজুর দেখে যদি পছন্দ হয় তাহলে এর স্বাদ নিয়ে দেখতে হবে। মুখরোচক করার জন্য খেজুরে অনেক সময় কৃত্রিম কিছু মেশানো হয়। তাই মুখে নিয়ে দেখতে হবে, যদি অতিরিক্ত মিষ্টি মনে হয় তাহলে ঐ খেজুর ভালো নয় বলে ধরে নিতে হবে। খেজুরের ন্যাচারাল মিষ্টতা থেকে যদি বেশি মিষ্টি মনে হয় তাহলে এড়িয়ে যাওয়াটাই ভালো।

৩) খোলা খেজুর যদি কেনার ইচ্ছা থাকে তাহলে দেখে নিতে হবে এতে কালচে কোনো ভাব আছে কি না। যদি থেকে থাকে তাহলে তা অনেকদিন আগের বুঝে নিতে হবে। খেজুরের স্বাভাবিক রং ঠিক আছে কি না তা স্পষ্ট করে দেখে নিতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে- খেজুর যেন অতিরিক্ত শুকিয়ে যাওয়া না হয়। অতিরিক্ত শুকানো খেজুর স্বাদে আর মানে খুব একটা ভালো হয় না।

৪) এ বছর উৎপাদন করা খেজুরে আপনি অন্য রকমের এক সাধ পাবেন। খেজুর সাধারণত দীর্ঘ সময় সংরক্ষণ করে বাজারজাত করা হতে পারে। আগের বছরের খেজুর এ বছরের বলে চালিয়ে দেয়া হয় অনেক সময়। এ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর এ জন্য খেজুর এ বছর উৎপাদিত হয়েছে তা বুঝতে একটি খেজুর খুলে দেখতে পারেন। যদি খোলার পর দেখা যায় ভেতরের অংশ লাল তবে ধরে নিতে হবে সেটি পুরনো আর সাদা আস্তরণ থাকলে বুঝতে হবে এ বছরেরই উৎপন্ন করা।
৫) খোলা বাজারের খেজুরে মাছি, মৌমাছির উপস্থিতি লক্ষ্য করা যায়। যে দোকানে মাছির উপস্থিতি কম সেই দোকানের খেজুরকে মানের দিক থেকে এগিয়ে রাখবেন। কেননা খেজুরে তখনই মাছি বসে যখন এতে অতিরিক্ত কিছু মেশানো হয়। স্বাভাবিক মিষ্টতার কোনো খেজুরে মাছি আসার কথা নয়। তাই এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে।
সর্বোপরি খেজুর কেনার ক্ষেত্রে এ দিকগুলো খেয়াল রাখলে বাজারে গিয়ে আপনাকে ঠকতে হবে না। এ ছাড়া আপনি কোন দেশের উৎপাদিত খেজুর চান তা অবশ্যই মাথায় রাখতে হবে। সাধারণত সৌদি আরব, মিশর, ইরানের খেজুর স্বাদে ও মানে ভালো হয়ে থাকে। তাই এই বিষয়টিও মাথায় রাখতে হবে।