
প্রতিনিধি 22 January 2026 , 7:47:47 প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক মতবিনিময় সভা’য় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচনসমূহে প্রতিটি ভোটকেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিলো। কিন্তু এবারই প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে ৫জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে কমপক্ষে ২জন অস্ত্রধারী পুলিশ ও ৩জন অস্ত্রধারী আনসার নিয়োজিত থাকবে।

তবে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে ৩জন অস্ত্রধারী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬জন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবে। তাছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্র ছাড়া (লাঠি সহ) ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে যার মধ্যে থাকবে ৬জন পুরুষ আনসার সদস্য ও অন্য ৪ জন মহিলা আনসার সদস্য।
জাহাঙ্গীর আলম বলেন, এবারের জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন যা রোল মডেল হয়ে থাকবে। এজন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সিআইডি প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আইজিপি বাহারুল আলম।