
প্রতিনিধি 13 April 2026 , 12:40:37 প্রিন্ট সংস্করণ

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পেয়েছেন।
জানা গেছে, গত ৬ এপ্রিল বাউল আবুল সরকারকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে সোমবার তার জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই শেষে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির বিষয়ে জেলার আবুল হোসেন বলেন, সকালে আমাদের কাছে জামিনের কাগজপত্র আসে। পরে সেটি সঠিকভাবে যাচাই-বাছাই শেষে বেলা ১১টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।
পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।