
প্রতিনিধি 12 April 2026 , 11:47:50 প্রিন্ট সংস্করণ

মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সবুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর তথ্য হলো, গ্রেপ্তারকৃত সবুজকে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও আচরণের কারণে ইতিপূর্বে তার বাবা আদালতের মাধ্যমে ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় তিনজনকে। তারা হলেন:
মোঃ নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সদর উপজেলার আবু জাফর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ কেসি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দিপ্ত কুমার বিশ্বাস ঝিনাইদহের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তমা হামিদ মিয়ার মেয়ে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নাহিদ হাসান সবুজ ঝিনাইদহের স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হলেও পারিবারিক জীবনে তিনি ছিলেন বিতর্কিত। তার উশৃঙ্খল জীবনযাপন ও রাজনৈতিক দাপটের কারণে অতিষ্ঠ হয়ে বাবা আবু জাফর বিশ্বাস ঝিনাইদহ আদালতের মাধ্যমে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছিলেন। তৎকালীন সময়ে এই বিষয়টি ঝিনাইদহ ও মাগুরা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
মাগুরা ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হতে পারে। এদিকে, ছাত্রলীগের এক নেতার মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত অপরাধ করলে তার দায়ভার সংগঠন নেবে না। অপরাধ প্রমাণিত হলে সবুজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।