
প্রতিনিধি 31 March 2026 , 2:11:45 প্রিন্ট সংস্করণ

দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখার প্রস্তাবও রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চলমান জ্বালানি পরিস্থিতিতে রাজধানীর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংগঠনটি জানায়, ডিপো থেকে চাহিদামত জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো। এমন অবস্থায় সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চাই আমরা। একই সঙ্গে পাম্প মালিকরা অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুত করার ঘটনা ঘটতে পারে, তবে সেটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না। যদি কোনো পাম্প তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখে, সেটি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পাম্পের ডিলারশিপ বাতিলের জন্য সরকারকে সহযোগিতা করা হবে এবং সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।
সভায় পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরবরাহ ও পরিবহন ব্যবস্থাপনা। অনেক ক্ষেত্রে ট্যাংকার পুরোপুরি ভর্তি না করে আংশিক লোড নিয়ে পাঠানো হলে পরিবহন খরচ বেড়ে যায় এবং এতে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে হয়। এ কারণে তারা চেম্বার পূর্ণ করে তেল সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন, যাতে পরিবহন ব্যয় কমানো যায় এবং সরবরাহ আরও কার্যকর হয়। এ সময় একই জেলার একাধিক পাম্পে একসঙ্গে সরবরাহের ক্ষেত্রেও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এছাড়া দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পাম্পগুলোর অবস্থা আরও ভয়াবহ ও দুর্বিষহ উল্লেখ করে মালিক সমিতি বলছে, এসব অঞ্চলের অনেক পাম্পেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে।