
প্রতিনিধি 16 March 2026 , 4:30:25 প্রিন্ট সংস্করণ

২০২৭ সাল থেকে স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল এবং এখন থেকে সাধারণ উপায়ে পরীক্ষা পদ্ধতিতে ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনব না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহু দিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা করবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার পরীক্ষাভিত্তিক হচ্ছে, এমনটি মোটেও নয়। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীরা চায়। বৃত্তি পেলে যে অর্থ দেওয়া হয়, সেটি গরিব পরিবারকে সাপোর্ট দেয়। বৃত্তি পরীক্ষা অপশনাল। যারা বৃত্তি পরীক্ষা দিতে চায় না, তারা দেবে না।