
প্রতিনিধি 11 March 2026 , 3:44:14 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ (সদর) নির্বাচনি এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
সাংবাদিকদের তিনি বলেন, বগুড়া ৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের নির্বাচনে গণভোটের কোনো ব্যবস্থা রাখা হবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি।

এর আগে দুই আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সভাপতিত্বে দুপুর ১টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
সভায় বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এর আগে সভায় অংশগ্রহণের জন্য বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের কাছে চিঠি পাঠায় ইসি। সভায় আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের সময় মাঠপর্যায়ে বিভিন্ন বাহিনীর দায়িত্ব বণ্টনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।