
প্রতিনিধি 6 March 2026 , 3:44:04 প্রিন্ট সংস্করণ

বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং জামিননামা জালিয়াতি ঠেকাতে দেশের বিচার ব্যবস্থায় প্রথমবার চালু হওয়া ‘ই-বেইলবন্ড’ (ডিজিটাল জামিননামা) দাখিল পদ্ধতি অভাবনীয় সাফল্য দেখিয়েছে। দেশের ৯টি জেলায় সফল বাস্তবায়নের পর তৃতীয় ধাপে আরও ৭টি জেলায় এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।
নতুন জেলাগুলো হলো-বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া। জানা গেছে, জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকারের আইনমন্ত্রী এই কার্যক্রম সারাদেশে বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছেন।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনলাইনে জামিননামা দাখিলের এই পদ্ধতি চালু হওয়ায় মধ্যস্বত্বভোগীদের হয়রানি কমেছে। একই সঙ্গে অল্প সময়ের মধ্যে আসামির মুক্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
অপরদিকে, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস বাসসকে জানান-নতুন দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এ কার্যক্রমের পরিধি বাড়ানোর কাজ শুরু হয়েছে।
এর ধারাবাহিকতায় আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে সংশ্লিষ্ট ৭ জেলার জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সঙ্গে গত ৩ মার্চ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুত্র: ঢাকা, ৬ মার্চ-২০২৬, বাসস।