
প্রতিনিধি 3 March 2026 , 6:51:37 প্রিন্ট সংস্করণ

প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধনের আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সকল উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করেছেন। এ পরিশ্রমের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। এ জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট হাইকমিশন/দূতাবাস/কনস্যুলেট/মিশন অফিসসমূহে চলমান রয়েছে। উক্ত অফিসসমূহে বায়োমেট্রিক প্রদানকৃত ভোটারের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট সকল উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন করা হয়।
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারের অসংখ্য আবেদনসমূহের তদন্ত পেন্ডিং রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। এমতাবস্থায়, প্রবাসী বাংলাদেশি ভোটারের যে সকল আবেদনসমূহের স্থানীয় তদন্ত পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।