
প্রতিনিধি 3 March 2026 , 12:45:11 প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে কাউন্টার ও অনলাইন-দুই মাধ্যমেই।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আজ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (৩ মার্চ) বিক্রি হচ্ছে ১৩ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী, ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত যথাক্রমে ২৩ থেকে ২৯ মার্চের টিকিট দেওয়া হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় ৫ জোড়া বা ২০টি বিশেষ ট্রেন চালানো হবে। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ (এমজি) কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল রাখা হয়েছে।
অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনা করে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথাও জানিয়েছে রেলওয়ে।
অন্যদিকে, ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও আজ থেকে বিক্রি শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সকাল থেকে কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই এ টিকিট বিক্রি চলছে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেও পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারবেন।