
প্রতিনিধি 2 March 2026 , 12:45:09 প্রিন্ট সংস্করণ

গুরুতর অসুস্থ সালমান খানের বাবা সেলিম খান। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানা যায়। তবে পরিবারের পক্ষ থেকে সেলিম খানের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি। হাসপাতালের বাইরে উদ্বিগ্ন সালমানকে দেখে উদ্বেগ বলিউড পাড়ায়।
নিউজএইটিন সূত্রে জানা যায়, সেলিম খানের অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এর আগে থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এ মুহূর্তে বাবার পাশে সর্বক্ষণ থাকার জন্য সালমান খান তার শিডিউলভুক্ত সব শুটিং বাতিল করেছেন।

বলিউড ভাইজান এবং তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য সংবাদমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন। জানা গেছে, সেলিম খান সম্পর্কে সব জল্পনা এড়াতে পরিবার গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছে।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ১৭ ফেব্রুয়ারি সালমান খানের বাবাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অনুরাগীদের এবং চলচ্চিত্র জগতের মানুষ তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
সেলিম খান ভারতীয় সিনেমায় একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি ‘আন্দাজ’, ‘সীতা অর গীতা’, ‘জঞ্জির’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘ডন’ এবং ‘কালা পাথর’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন। সেলিম খান হিন্দি চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য একাধিক সম্মাননা পেয়েছেন।