• লাইফস্টাইল

    কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা

      প্রতিনিধি 21 February 2026 , 8:26:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: আল জাজিরা থেকে নেওয়া
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পৃথিবীজুড়ে আজ ৭ হাজারেরও বেশি ভাষা বলা হয়। কিন্তু ভাবতে অবাক লাগে, এই বিপুল সংখ্যক ভাষার মধ্যে প্রায় ৪০ শতাংশ, অর্থাৎ কমপক্ষে ৩ হাজার ভাষা, আজ বিপন্নের পথে। অর্থাৎ, ধীরে ধীরে এদের ব্যবহার কমছে, কথা বলা মানুষ কমে আসছে।

    কোন ভাষায় কত মানুষ কথা বলেন: বিশ্বের ভাষা নিয়ে তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান এথনোলগের তথ্য অনুযায়ী, ইংরেজি সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। বিশ্বের ১৮৬টি দেশে প্রায় ১৫০ কোটি মানুষ ইংরেজিতে কথা বলেন। তবে মজার বিষয় হলো, প্রতি ১০ জন ইংরেজি ভাষাভাষীর মধ্যে মাত্র ২ জনের এটি মাতৃভাষা। বাকি ৮০ শতাংশ মানুষের জন্য ইংরেজি দ্বিতীয় বা তৃতীয় ভাষা। ম্যান্ডারিন চাইনিজ দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা, যা প্রায় ১২০ কোটি মানুষ ব্যবহার করেন। তবে যাদের মাতৃভাষা হিসেবে বিবেচনা করা হয়, তাদের সংখ্যার দিক থেকে চীনের বিশাল জনসংখ্যার কারণে এটি বিশ্বের সবচেয়ে বড় ভাষা। এরপরেই রয়েছে হিন্দি (৬০ কোটি ৯০ লাখ), স্প্যানিশ (৫৫ কোটি ৯০ লাখ) এবং স্ট্যান্ডার্ড আরবি (৩৩ কোটি ৫০ লাখ)।

    শুধু ভাষা নয়, ভাষা লেখার জন্য ব্যবহৃত লিপির অবস্থাও ভাবার মতো। বিশ্বে প্রায় ২৯৩টি পরিচিত লিপি আছে, যার মধ্যে ১৫৬টির বেশি লিপি এখনও প্রচলিত। কিন্তু মিসরীয় হায়ারোগ্লিফ বা অ্যাজটেকের চিত্রলিপির মতো ১৩৭টির বেশি লিপি আজ আর ব্যবহৃত হয় না। ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জার্মানসহ বহু ভাষা লেখার জন্য ব্যবহৃত লাতিন লিপিটি এখন বিশ্বের সবচেয়ে প্রচলিত। বিশ্বের প্রায় ৭০ শতাংশ মানুষ এই লিপি ব্যবহার করেন।

    কোন ভাষাগুলো সবচেয়ে বিপন্ন: একটি ভাষা তখনই বিপন্ন হয়ে পড়ে যখন নতুন প্রজন্ম আগের প্রজন্মের কাছ থেকে সেটি শেখা বন্ধ করে দেয় এবং তারা আরও সহজলভ্য বা প্রচলিত অন্য একটি ভাষায় কথা বলা শুরু করে। এথনোলগের মতে, বিশ্বের ৭১৫৯টি ভাষার মধ্যে ৪৪ শতাংশই এখন বিপন্ন অবস্থায় রয়েছে। ৪৯ শতাংশ ভাষা এখনও মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। আর মাত্র ৭ শতাংশ ভাষা সরকার, শিক্ষা ও গণমাধ্যমে ব্যবহারের মতো মর্যাদা পায়।

    বিশ্লেষকরা বলছেন, প্রায় ৩৩৭টি ভাষা এখন সুপ্ত অবস্থায় আছে, যার অর্থ এদের দক্ষ বক্তা আর নেই, কিন্তু ভাষাটি এখনও কোনো জাতিগোষ্ঠীর পরিচয়ের অংশ হিসেবে টিকে আছে। আর ৪৫৪টি ভাষা সম্পূর্ণ বিলুপ্ত, যার কোনো বক্তা নেই।

    বিজ্ঞাপন

    একটি পরিসংখ্যান বলছে, প্রায় ৮ কোটি ৮১ লাখ মানুষ তাদের মাতৃভাষা হিসেবে একটি বিপন্ন ভাষায় কথা বলেন। পৃথিবীতে এমন ১ হাজার ৪৩১টি ভাষা আছে যাতে প্রথম ভাষা (মাতৃভাষা) হিসেবে কথা বলেন মাত্র ১ হাজারের কম মানুষ। আর ১১০টি ভাষার বক্তার সংখ্যা ১০০-এর নিচে। ১০টির মতো ভাষা আছে, যা এখন বলতে পারেন মাত্র ১০ জনের কম মানুষ।

    হারিয়ে যাওয়া ভাষার মানচিত্র: পৃথিবীর মোট বিপন্ন ভাষার ৮০ শতাংশই অবস্থিত মাত্র ২৫টি দেশে। ওশেনিয়া (প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) অঞ্চলে সবচেয়ে বেশি বিপন্ন ভাষা আছে। এরপরই এশিয়া, আফ্রিকা এবং আমেরিকা অঞ্চলের অবস্থান।

    বিশ্বের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া ভাষা:

    এশিয়া (জাপান): জাপানের আইনু ভাষা (আইনু ইতাক) এখন সংকটজনক অবস্থায় আছে। ইউনেস্কোর মতে, এই ভাষাকে কোনো ভাষা পরিবারের সঙ্গে নিশ্চিত করে মেলানো যায় না। ২০০৬ সালের এক জরিপে দেখা গেছে, ২৩ হাজার ৭৮২ আইনু জনগোষ্ঠীর মধ্যে মাত্র ৩০৪ জন এই ভাষা জানেন।

    ওশেনিয়া (অস্ট্রেলিয়া): আদিবাসী ভাষা ইউগাম্বেহ-এর কথা বলা হতো পূর্ব অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট, সিনিক রিম এবং লোগান অঞ্চলে। তবে সম্প্রতি স্থানীয় সম্প্রদায়ের উদ্যোগ এবং শেখার অ্যাপের কল্যাণে তরুণ প্রজন্ম আবার এই ভাষা শিখতে আগ্রহী হচ্ছে।

    আমেরিকা (যুক্তরাষ্ট্র ও বলিভিয়া): উত্তর ও মধ্য আমেরিকার প্রায় সব আদিবাসী ভাষাই বিপন্ন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ক্রেওল ভাষাটি আফ্রিকান ও আদিবাসী প্রভাবে গঠিত একটি ফরাসিভিত্তিক মিশ্র ভাষা। এটি এখন শুধু প্রবীণ নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে, বলিভিয়ার লেকো ভাষাটি একটি বিচ্ছিন্ন ভাষা, যার অন্য কোনো ভাষার সঙ্গে জিনগত সম্পর্ক নেই। মাত্র ১৩ হাজার ৫০০ জনের এই জনগোষ্ঠীর মধ্যে শুধু প্রবীণরা এ ভাষায় কথা বলেন।

    ইউরোপ (যুক্তরাজ্য): ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে প্রচলিত কর্নিশ (কের্নেউয়েক) ভাষাটি একসময় বিলুপ্ত ঘোষণা করেছিল ইউনেস্কো। কিন্তু পুনরুজ্জীবনের চেষ্টায় ২০১০ সালে এটিকে বিলুপ্তের তালিকা থেকে সরিয়ে বিপন্ন ভাষার তালিকায় আনা হয়। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, ৫৬৩ জনের মাতৃভাষা এখন এই কর্নিশ।

    আফ্রিকা (ইথিওপিয়া): ইথিওপিয়ার ওয়েইতো নদীর পশ্চিম তীরে ওঙ্গোটা নামে একটি ভাষা ব্যবহৃত হতো। এটি এখন সংকটজনকভাবে বিপন্ন। সম্প্রদায়টির সদস্য সংখ্যা মাত্র ৪০০, আর তাদের মধ্যে কয়েকজন প্রবীণ ছাড়া আর কেউ এই ভাষায় কথা বলতে পারেন না।

    সূত্র : আলজাজিরা

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান 5:21 PM রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার 5:08 PM কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ 4:32 PM পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন 1:11 PM জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি 12:37 PM প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান 12:02 PM ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা