
প্রতিনিধি 13 February 2026 , 1:57:21 প্রিন্ট সংস্করণ

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না মাত্র ১ দশমিক ৪০ শতাংশ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনে মোট ১১৫টি কেন্দ্রে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৮০২ জনের শতকরা ১ দশমিক ৪০ শতাংশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী এ আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

বগুড়া-২ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরায় ৭২ দশমিক ৬৩ শতাংশ।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসন দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি আসনটি ছাড়েনি। মূলত ওই আসনে প্রথমে মান্নার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। শুরুতে বিএনপি প্রার্থী না দিলেও ইসির ওই সিদ্ধান্তের পর সে আসনে প্রার্থী দেয় দলটি। পরবর্তীতে সে আসনে প্রার্থিতা টিকে যায় মান্নার। কিন্তু ততদিনে বিএনপিও প্রার্থী দিয়ে দেয়।
পরে বগুড়া-২ আসন ও ঢাকা ১৮ আসন দুটিতে অংশ নেওয়ার ঘোষণা দেন নাগরিক ঐক্যের সভাপতি। উভয় আসনেই চালিয়েছেন নির্বাচনি কার্যক্রম। কিন্তু শেষ মুহূর্তে ৮ ফেব্রুয়ারি রাতে ঢাকা-১৮ আসন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না।