
প্রতিনিধি 8 February 2026 , 7:23:44 প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে নিহত, শিশু হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শিশুটির নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিতদের চোখে-মুখে ছিল গভীর শোক ও আবেগ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোঁড়া গুলিতে হুজাইফা আফনান গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এবং পরে ঢাকা জাতীয় ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শনিবার তার মৃত্যু হয়।