
প্রতিনিধি 3 February 2026 , 12:21:52 প্রিন্ট সংস্করণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মেতে উঠেছে উপকূলীয় এলাকার নেতাকর্মীরা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে যথাযথ ব্যবস্থা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গনমধ্যম কে জানান, বরিশাল বেলস মাঠে দুপুর ১২টায় শুরু হবে বিএনপির নির্বাচনি জনসভা। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর বেলা ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

প্রায় ২০ বছর পর বরিশাল সফরে তারেক রহমান। সবশেষ সফর করেছিলেন ২০০৬ সালে। তার এ সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। এরইমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার গণমাধ্যমে বলেন, শুধু বিএনপির-অঙ্গ সংগঠন নয়, সারা বরিশালবাসী জনসভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এ জনসভা বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির বিজয় ত্বরান্বিত করবে বলে মনে করেন তিনি।
এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘যখন আসবেন একেবারে শুরু থেকেই আমরা সভাস্থলে স্কেলিটন ডিউটি দিয়ে দেবো। তারপর সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে। সঙ্গে আমাদের মোবাইল টহল বাড়ছে, আরও বাড়াবো।’