
প্রতিনিধি 31 January 2026 , 6:27:02 প্রিন্ট সংস্করণ

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সিরাজগঞ্জ-পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি’। এ সময় তিনি ওই এলাকার তাঁত শিল্প সমৃদ্ধকরণসহ তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলার বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপি’র চেয়ারম্যান বলেন, ‘বিএনপি শান্তিতে বিশ্বাস করে। আমাদের কাছে ধর্ম মূখ্য নয়। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে জনগণের প্রকৃত সমস্যা সমাধান সম্ভব’।

সিরাজগঞ্জ এবং পাবনা এলাকায় বহু কাজ করার আছে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই একসাথে কাজ করে দেশ গড়তে হবে। এই এলাকায় যেমন কৃষি আছে তেমন ছোটখাট শিল্প কারখানাও রয়েছে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে একইসাথে লাখ লাখ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হবে।
বক্তব্যে নারী শিক্ষার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিতে চায়। এর জন্যই দেশের প্রত্যেক মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় বিএনপি। এই এলাকায় অনেক তরুণ প্রজন্ম রয়েছে। যারা বিদেশে যায় তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এতে দক্ষ জনশক্তি গড়ে উঠবে।