
প্রতিনিধি 13 April 2026 , 2:08:07 প্রিন্ট সংস্করণ

যুদ্ধের বিরোধিতা করায় ক্যাথলিক ধর্মগুরু পোপ চতুর্দশ লিও-কে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘পোপ লিও অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র নিন্দা জানান ক্যাথলিকরা। পাপাসি বিষয়ক বিশেষজ্ঞ মাসিমো ফাজ্জিওলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘হিটলার বা মুসোলিনিও পোপকে এত সরাসরি এবং প্রকাশ্যে আক্রমণ করেননি।’

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপ সম্মেলনের সভাপতি আর্চবিশপ পল এস. কোকলিও ট্রাম্পের মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পোপ লিও তার (ট্রাম্প) প্রতিদ্বন্দ্বী নন, পোপ কোনও রাজনীতিবিদও নন। তিনি খ্রিস্টের প্রতিনিধি, যিনি মানুষের আত্মার কল্যাণের জন্য কাজ করেন।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান যুদ্ধের একজন সরব সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন পোপ লিও। গত মাসে ভ্যাটিকানের সেন্ট পিটার’স স্কয়ারে পাম সানডে উপলক্ষে এক ভাষণে পোপ বলেন, যারা যুদ্ধ শুরু করে এবং যাদের ‘হাত রক্তে রঞ্জিত’, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। ইরান সংঘাতকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্যের বিষয়ে ভ্যাটিকান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্সক