
প্রতিনিধি 6 April 2026 , 12:37:25 প্রিন্ট সংস্করণ

রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা আর্জেন্টাইন তরুণ নিকো পাজ আবারও ফিরতে যাচ্ছেন তার পুরোনো ক্লাবে। ২০২৪ সালের গ্রীষ্মে একাডেমি থেকে বেরিয়ে এসেছিলেন। মাত্র ৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে ইতালির সিরি আ ক্লাব কোমোতে পাঠিয়ে দিয়েছিল লস ব্লাঙ্কোস।
ইতালির ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন নিকো। এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে ৬৮ ম্যাচ খেলে করেছেন ১৭ গোল। সেই সঙ্গে রেখে দিয়েছিল একটি স্মার্ট বাই-ব্যাক ক্লজ। যা এখন তাদের হাতে শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে।
দুই বছরেরও কম সময়ে নিকো পাজ কোমোর জার্সিতে নিজেকে একেবারে বদলে দিয়েছেন। সিরি আ-তে এখন পর্যন্ত প্রায় ৬৮ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৭টি (সাম্প্রতিক মৌসুমে একা ১০ গোল ও ৬ অ্যাসিস্ট)। কোমোর অ্যাটাকিং মিডফিল্ডে তিনি এখন অপরিহার্য। ইতালিয়ান লিগে তার পারফরম্যান্স দেখে অনেক বড় ক্লাবের চোখ পড়েছে, কিন্তু নিকোর মন পড়ে আছে বার্নাব্যুতে।

রিয়াল মাদ্রিদও বিষয়টি নজরে রেখেছে। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বে ক্লাব এখন গ্রীষ্মের দলবদলে নিকোকে ফিরিয়ে আনার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে। ২০২৪ সালের চুক্তিতে রাখা বাই-ব্যাক ক্লজ অনুসারে এবার মাত্র ৯ মিলিয়ন ইউরো দিয়েই তাকে ফেরত আনা সম্ভব। এটিকে স্প্যানিশ মিডিয়ায় অনেকে বলছেন ‘ডিল অফ দ্য সেঞ্চুরি’। কারণ বর্তমান বাজারে নিকোর মূল্য ৬০-৬৫ মিলিয়ন ইউরোর কাছাকাছি।
কোমো অবশ্য চায় নিকো আরও এক মৌসুম তাদের সঙ্গে থাকুক। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর কার্লালবের্তো লুদি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, এখনও সম্ভাবনা আছে যে পাজ থেকে যাবেন। কিন্তু রিয়ালের অবস্থান স্পষ্ট, তারা নিকোকে আগামী মৌসুমের পরিকল্পনায় রেখেছে। খেলোয়াড় নিজে যদি রিয়ালে ফিরতে না চান, তাহলে সমস্যা হতে পারে; কিন্তু সেই সম্ভাবনা খুবই কম। গত গ্রীষ্মে টটেনহামের ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নিকো, শুধুমাত্র মাদ্রিদে ফেরার স্বপ্নে।
রিয়ালের মিডফিল্ডে চুয়ামেনি, ভালভের্দে, গুলের ও পিটার্সের মতো প্রতিভাবান খেলোয়াড় থাকায় গেইম টাইম নিয়ে কিছুটা প্রশ্ন উঠতে পারে। তবে নিকোর বয়স মাত্র ২১। ক্লাব মনে করে, তিনি ধাপে ধাপে নিজেকে মানিয়ে নিতে পারবেন। আর নিকো নিজেও রিয়ালের হয়ে ভবিষ্যৎ গড়ার অপেক্ষায় আছেন।