
প্রতিনিধি 5 April 2026 , 4:36:42 প্রিন্ট সংস্করণ

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে তেহরান কর্তৃপক্ষ। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র রোববার (৫ এপ্রিল) জানান, ভূপাতিত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী মধ্য ইরানে প্রবেশের চেষ্টা করে। তবে ইরানি সামরিক বাহিনী সেই অভিযান প্রতিহত করে এবং একাধিক মার্কিন বিমান ধ্বংস করে দেয়।


তিনি বলেন, ‘মার্কিন বাহিনী একটি ব্যর্থ উদ্ধার মিশন পরিচালনার চেষ্টা করেছিল, যা আমাদের সমন্বিত অভিযানে চরমভাবে নস্যাৎ হয়ে যায়।’ এই অভিযানে ইরানের বিমানবাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেয় বলে জানান তিনি। মুখপাত্রের দাবি অনুযায়ী, এই অভিযানে অন্তত দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার এবং একটি দানবাকৃতির ‘সি-১৩০’ সামরিক পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে, যেগুলো ইসফাহানের দক্ষিণাঞ্চলে আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র: সংবাদমাধ্যম তাসনিমের