
প্রতিনিধি 5 April 2026 , 12:36:46 প্রিন্ট সংস্করণ

রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পরামর্শসভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভবিষ্যতে দ্রব্যমূল্য আরও বাড়তে পারে।
রবিবার (৫ এপ্রিল) সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সংকট শুধুমাত্র জ্বালানিতে সীমাবদ্ধ নয়; এটি একটি বহুমাত্রিক সংকট, যা খাদ্যসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। সরকার অর্থনীতিকে টিকিয়ে রাখা ও পুনরুদ্ধারের জন্য কঠিন লড়াই করছে। এতে সরকারি তহবিলেও চাপ তৈরি হচ্ছে এবং প্রতিদিনই এই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ঋণ পরিস্থিতি ও এর ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে অর্থায়নের ক্ষেত্রে ব্যয় ও অর্থ সংগ্রহের খরচকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করতে হবে।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় অর্থনীতির প্রায় সব সূচকই নিম্নমুখী ছিল। ফলে এখনো দ্রুত উত্তরণের মতো পরিস্থিতি তৈরি হয়নি।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রভাব বাংলাদেশেও পড়ছে। সরকার এখনো অনেক ক্ষেত্রে দাম সমন্বয় করেনি, তবে এই চাপ দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়।
সরকার জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে এই চাপ বহন করা সম্ভব না হলে এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে।
সভায় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানসহ অন্যান্য মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।