
প্রতিনিধি 25 March 2026 , 6:27:30 প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এঘটনায় এখন পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নং পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অন্যান্য যাত্রীদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর ঘাট এলাকায় স্থানীয়দের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং হতাহত ও নিখোঁজদের বিষয়ে পরবর্তী তথ্য পেলে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।