
প্রতিনিধি 15 March 2026 , 12:40:11 প্রিন্ট সংস্করণ

জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) থেকে রেশনিং বাতিল করে পাম্পগুলোকে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ মজুত করলে দেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।

তিনি বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এরই মধ্যে কয়েকটি আমদানি করা তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধি নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব বিতরণ পয়েন্টে গ্রাহকের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা পেট্রোল আমদানি করিনা। কিন্তু পেট্রোলের ডনডেনটেস তো আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু আমরা এখনো দাম বাড়াই নাই। এই সরকারের এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই।