
প্রতিনিধি 12 March 2026 , 1:39:06 প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের পবিত্রতা ও সৌন্দর্য বর্ধনে এক অনন্য সংযোজন সম্পন্ন হয়েছে। সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের উঁচু দেয়ালে স্থাপন করা হয়েছে পবিত্র কালেমা তাইয়্যিবা- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) সম্বলিত দৃষ্টিনন্দন একটি আরবি ক্যালিগ্রাফি।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়। উল্লেখ্য যে, গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধানমন্ত্রী জাতীয় সংসদ সচিবালয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করেন। এসময় তিনি সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপকালে অধিবেশন কক্ষের দেয়ালে কালেমা তাইয়্যিবা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের এক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন তারেক রহমান। ইসলামের মৌলিক শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং জাতীয় সংসদের অভ্যন্তরীণ ভাবগাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা দ্রুততার সাথে ক্যালিগ্রাফিটি স্থাপনের কাজ সম্পন্ন করে। বর্তমানে ক্যালিগ্রাফিটি স্পিকারের চেয়ারের ঠিক পেছনের দেয়ালে শোভা পাচ্ছে, যা সংসদ কক্ষের অভ্যন্তরীণ পরিবেশে এক নতুন মাত্রা যোগ করেছে।