
প্রতিনিধি 9 March 2026 , 4:59:42 প্রিন্ট সংস্করণ

‘যাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কীভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো সম্ভব-এসব বিষয়ে মতামত ও পরামর্শ জানতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’
বাংলাদেশে যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের (কায়কোবাদ) নেতৃত্বে যাকাত বোর্ডের চেয়ারম্যান এবং আস সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান যাকাত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।

পরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘যাকাত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে। ধর্মমন্ত্রী কমিটির সভাপতিত্ব করবেন।’
আহমাদুল্লাহ আরও বলেন, ‘যাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কীভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো সম্ভব-এসব বিষয়ে মতামত ও পরামর্শ জানতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।’
নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করে আহমাদুল্লাহ বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন গত ছয়–সাত বছর ধরে যাকাত নিয়ে কাজ করছে। শুধু গত এক বছরের হিসাব অনুযায়ী প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করে প্রতিষ্ঠানটি ২১০০ বেকার তরুণ–তরুণীকে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এখন ওই তরুণরা বছরে প্রায় ৪২ কোটি টাকা আয় করছে। যাকাতের অর্থ দিয়ে দক্ষতা উন্নয়ন বা স্বাবলম্বী করার মাধ্যমে স্থায়ী দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর মডেল তৈরি করা সম্ভব।’
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘ওআইসিভুক্ত দেশগুলোতেই বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ যাকাত আদায় হয়। এই বিপুল সম্ভাবনার একটি অংশও যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে তা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।’