
প্রতিনিধি 9 March 2026 , 4:45:33 প্রিন্ট সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার এক সপ্তাহ পর তার উত্তরসূরি হিসেবে ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দেশটির প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) ৫৬ বছর বয়সী মোজতবাকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনি নিহত হন। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যে ভয়াবহ যুদ্ধ ও অস্থিরতা শুরু হয়েছে, সেই চরম সংকটের মধ্যেই দেশটির হাল ধরলেন মোজতবা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্যের সম্মতিতে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। নিয়োগের পরপরই ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সশস্ত্র বাহিনী এবং দেশটির বিচার বিভাগ ও সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নতুন নেতার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন নেতার অধীনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

কে এই মোজতবা খামেনি?
মোজতবা খামেনি গত কয়েক দশক ধরে তার বাবার ছায়াসঙ্গী হিসেবে পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি কখনো কোনো প্রকাশ্য নির্বাচনে অংশ নেননি বা সরকারি পদে ছিলেন না। তবে আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে।
কট্টরপন্থী হিসেবে পরিচিত মোজতবার এই নিয়োগকে পশ্চিমাদের প্রতি ইরানের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।