
প্রতিনিধি 4 March 2026 , 3:49:07 প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে রাজনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্যতার অভিযোগে নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। গত ২ মার্চ ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো: আবু জাফর (৪৮)।
হলফনামা সূত্রে জানা যায়, তিনি তার পুত্র মো: নাহিদ হাসান সবুজ (২৪)-কে ত্যাজ্য পুত্র হিসেবে ঘোষণা করেন। সবুজ পূর্বে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


হলফনামায় পিতা উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনে লিপ্ত ছিলেন এবং বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস না করে আলাদাভাবে চলাফেরা করছেন। তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও তার ছেলে সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিলেন।
বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ-এর কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়ায় সবুজের সক্রিয় অংশগ্রহণের সংবাদ পাওয়ার পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
হলফনামায় স্পষ্টভাবে বলা হয়েছে, নাহিদ হাসান সবুজের ভবিষ্যৎ আয়-রোজগার, দায়-দেনা বা কোনো কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো কর্মকাণ্ডের দায়ভার পরিবার বহন করবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো: আবু জাফর বলেন, “দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”
জানা গেছে, ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো: সাদাতুর রহমান হাদীর মাধ্যমে আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে।