
প্রতিনিধি 17 February 2026 , 3:24:27 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে এক ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সময়মতো উপস্থিত হতে না পারায় নিজ দলের সাথে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। পরে তিনি জামায়াত ও স্বতন্ত্র সদস্যদের সাথে শপথ গ্রহণ করলেও দলীয় সিদ্ধান্তে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেয়া থেকে বিরত থাকেন।
মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রথম ধাপে বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। তবে যাতায়াত বা ব্যক্তিগত কারণে সময়মতো পৌঁছাতে না পারায় ইশরাক হোসেন তাঁর দলের সদস্যদের সাথে নির্ধারিত সময়ে শপথ নিতে ব্যর্থ হন।

এর ফলে দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় ধাপে যখন জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ শুরু হয়, তখন তিনি তাঁদের সাথে অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন।
এদিনের শপথ অনুষ্ঠানে একটি বিশেষ দিক ছিল ‘দ্বৈত শপথ’। জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি পর্যায়ে শপথ নিয়েছেন, প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে। তবে ইশরাক হোসেন সংসদ সদস্য পদে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি।
একই অবস্থান নিতে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে। তিনিও জামায়াত ও স্বতন্ত্র সদস্যদের সাথে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, তাদের সংসদ সদস্যরা কেবল সংসদীয় দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন, কোনো বিশেষ সংস্কার পরিষদের অংশ হবেন না।