
প্রতিনিধি 14 February 2026 , 3:01:40 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে দীর্ঘ দুই দশক পর সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করেছে। ফলে নতুন সরকার ও সম্ভাব্য মন্ত্রিসভার গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা।
দলীয় সূত্র জানায়, নতুন মন্ত্রিসভা হবে নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত। দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক অবদান ও বিষয়ভিত্তিক দক্ষতার ভিত্তিতে নেতাদের মূল্যায়ন করা হবে। অপ্রয়োজনীয়ভাবে বড় মন্ত্রিসভা না করে কার্যকর ও দক্ষ একটি টিম গঠনের দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসারেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তিনি জানান, দলের নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক সমঝোতার দলিল বাস্তবায়নই হবে নতুন সরকারের প্রধান অঙ্গীকার।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর জ্যেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি হবেন দেশের ১১তম প্রধানমন্ত্রী।

নতুন সরকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাচ্ছেন—এ বিষয়ে জোরালো আলোচনা রয়েছে। এ ছাড়া নতুন মন্ত্রিসভায় থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়া বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জহিরউদ্দিন স্বপন, রেজা কিবরিয়া, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, শরীফুল আলম, দেওয়ান সালাহউদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, সেলিম ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ, ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, আসাদুল হাবীব দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রকিবুল ইসলাম বকুল আলোচনায় আছেন।
এ ছাড়া সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত, খাগড়াছড়ি থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি ও বান্দরবান আসন থেকে নির্বাচিত দুজনের মধ্যে একজন আলোচনায় আছেন।
টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, হুমায়ূন কবীর, জিয়া হায়দারসহ কয়েকজন।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলও আলোচনায় আছেন।
দলীয় নেতারা আশা করছেন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। এখন সবার নজর-কারা থাকছেন নতুন সরকারের দায়িত্বশীল পদগুলোতে এবং কীভাবে বাস্তবায়িত হবে বিএনপির ঘোষিত রাজনৈতিক অঙ্গীকার।