
প্রতিনিধি 13 February 2026 , 3:44:09 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২১৩টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৬৫টি আসনে জয় পেয়েছেন। এই ফলাফলের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ স্পষ্ট হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৪৫টি আসনে জয় পেয়েছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দুটি আসনে বিজয়ী হয়েছেন বলে বেসরকারি ফলাফলে জানা গেছে।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে এসব আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এর আগে একই দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয় ভোট গণনা। ভোটাররা এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ পুনর্গঠনে নিজেদের মতামত তুলে ধরেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শেরপুর-৩ ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত থাকায় এবার ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। মোট নারী প্রার্থী ছিলেন ৮৩ জন, যার মধ্যে দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।