
প্রতিনিধি 12 February 2026 , 8:03:55 প্রিন্ট সংস্করণ

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের তিনটি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তিনটি কেন্দ্রে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, বাতিল হওয়া তিন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৯৮।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বলেন, ‘তিনটি কেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আরও কিছু অভিযোগ রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তাদের অনুরোধে এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তদন্ত শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।