
প্রতিনিধি 23 January 2026 , 7:36:59 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামীতে একটি বেকার মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে। এ অবস্থা আমরা দেখতে চাই না। এই উত্তরবঙ্গের চেহারা বদলে দেয়ার জন্য ৫ বছরই যথেষ্ট হবে’। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে ৬৪ জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। বলবেন- এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের ২৮ লাখ কোটি টাকা বিদেশ নিয়ে গেছেন, ওগুলো ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে বের করে আনব।’ উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ, উত্তরবঙ্গ আমাদের খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে। সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে’।

তিনি বলেন, ‘আপনারা যদি মূল্যবান ভোট, ভালোবাসা, সমর্থনে ১০ দলের সমন্বয়কে যদি সংসদে পাঠান; আমরা যদি সরকার গঠন করতে পারি, কথা দিচ্ছি- শুধু নদীর জীবন ফিরবেনা, মানুষের জীবনেও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে। এখানকার মানুষ পরিশ্রমী। এই এলাকা পিছিয়ে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে’।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকে একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভালবাসা দিয়ে আগামীতে একটি বেকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। কারো দয়ায় বাংলাদেশের কোনো এলাকায় মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না’।
জেলা জামাতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন-জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১০ দল মনোনীত প্রার্থী সারজিস আলম, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।