
প্রতিনিধি 9 June 2026 , 4:44:53 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় রিতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির উদ্যোগে এ ব্যবস্থা করা হয়েছে।
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার একটি পাহাড়ি অঞ্চলের সাধারণ পরিবার থেকে উঠে আসা রিতুপর্ণা বর্তমানে দেশের নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিতুপর্ণা। মাঠে তার আক্রমণভাগের নৈপুণ্য এবং গোল করার দক্ষতা দলকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য এনে দেয়।

এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো AFC Women’s Asian Cup-এ যোগ্যতা অর্জনের অভিযানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের পেছনে তার অবদান প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে।
জানা গেছে, রাঙ্গামাটির কাউখালীর পাহাড়ি এলাকায় অবস্থিত রিতুপর্ণার পারিবারিক বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। দেশের জন্য ধারাবাহিক সাফল্য বয়ে আনা এই কৃতি ফুটবলারের আবাসন সমস্যার বিষয়টি সামনে এলে তার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, রিতুপর্ণার জন্য গৃহ নির্মাণের এই উদ্যোগ দেশের কৃতী ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান ও স্বীকৃতির বহিঃপ্রকাশ। একই সঙ্গে এটি প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার বার্তা বহন করবে।
পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানো রিতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য তরুণীর কাছে সংগ্রাম, আত্মবিশ্বাস ও সাফল্যের এক অনুকরণীয় উদাহরণ।